সারাদেশে পাঁচ দিন কালবৈশাখী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ২৮ এপ্রিল – সারাদেশে আগামী পাঁচ দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।
এই সময়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে। বিশেষ করে ১ মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবারও দেশের অধিকাংশ জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয় যে ৩০ এপ্রিল ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১ মে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে ২ মে থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমান্বয়ে কমে আসতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মূলত পাঁচ দিন পর থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হয়ে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬









