আইভীর জামিন বিষয়ে ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ

নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। গত বছরের ৯ মে দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল।
এর পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দিয়েছিলেন।
সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে চারটি হলো ফতুল্লা থানায় করা আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা হয়েছে। বর্তমানে আরও নতুন দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









