লালমনিরহাটে রেলওয়ের রাস্তা বন্ধ: হাজারো বাসিন্দার চরম দুর্ভোগ

লালমনিরহাট, ২৫ এপ্রিল – লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজারো বাসিন্দা। দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবহৃত এই পথটি হঠাৎ বন্ধ হওয়ায় কলোনির বাসিন্দাদের এখন জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয়, মডেল মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা দীর্ঘ সময় ধরে শিশু পার্কের পশ্চিম পাশের এই সড়কটি ব্যবহার করে আসছেন। শনিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত রেললাইনের পাত বসিয়ে যাতায়াতের এই পথটি পুরোপুরি বন্ধ করে দেয়। এই সড়কটি শুধু কলোনির বাসিন্দাদের জন্যই নয়, বরং সরকারি শিশু পরিবার এবং বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ছিল যাতায়াতের প্রধান মাধ্যম।
স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, যাতায়াতের গুরুত্ব বিবেচনা করে রাস্তাটি বন্ধ না করার জন্য বারবার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। আরেক বাসিন্দা শফিয়ার রহমান বলেন, পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলাচলের জায়গা রাখার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সেটিও রাখা হয়নি।
রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তারা এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও জানান যে একসময় এই রাস্তাটি বন্ধ ছিল এবং তারা কেবল নিজেদের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি জনগুরুত্বপূর্ণ পথ এভাবে হুট করে বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থী ও বয়স্কদের সমস্যা কয়েকগুণ বেড়ে গেছে। তিনি মানবিক দিক বিবেচনা করে দ্রুত সড়কটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









