যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু নিশ্চিত

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর বিষয়টি অবহিত করেছে। তদন্ত কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে বাসার ভেতরে ছড়ানো রক্তের নমুনা থেকে সংগৃহীত ডিএনএর সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে।
তবে তার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং তা শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না সে বিষয়েও পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এর আগে গত শুক্রবার স্থানীয় পুলিশ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে।
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। মেধাবী এই ছাত্রীর এমন রহস্যজনক মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬





