ফুটবল

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নাইজেরিয়ার ফুটবলার মাইকেল এনেরামো

আবুজা, ২৫ এপ্রিল – খেলার মাঠে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নাইজেরিয়ার কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ম্যাচের প্রথমার্ধে তিনি পুরো সময়ই মাঠে ছিলেন। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠের ওপর লুটিয়ে পড়েন।

এনএফএফ এর এক বিবৃতিতে জানানো হয় যে, প্রাথমিক লক্ষণ অনুযায়ী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এনএফএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এই মুহূর্তে আমরা গভীরভাবে মর্মাহত।

মাইকেল এনেরামো নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তিউনিসিয়ার এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিসের হয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তার শক্তিশালী শারীরিক গঠন ও খেলার শৈলীর কারণে সমর্থকদের কাছে তিনি দ্য ট্যাঙ্ক নামে পরিচিত ছিলেন।

তিউনিসিয়ার নাগরিকত্ব নেওয়ার সুযোগ থাকলেও তিনি নিজের জন্মভূমি নাইজেরিয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে তার অভিষেক হয়। তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

ক্লাব পর্যায়ে তিনি তুরস্কের বিখ্যাত ক্লাব সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও মাঠ মাতিয়েছেন।

তার মৃত্যুতে নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language