মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের কোনো পরিকল্পনা নেই ইরানের

তেহরান, ২৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপে বসার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির বর্তমান ইসলামাবাদ সফরকে তিনি একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর হিসেবে অভিহিত করেন।

গত শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানে পৌঁছান আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার এবং সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

মুখপাত্র আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা এই সফরে নেই। তবে ইরানের পক্ষ থেকে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ পাকিস্তানকে জানানো হবে।

ইসলামাবাদ পৌঁছানোর পর আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এরই মধ্যে বৈঠক সম্পন্ন করেছেন।

এর আগে গত এপ্রিল মাসেও ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এক দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। তবে দীর্ঘ সময় আলোচনার পরও সেই বৈঠক থেকে কোনো স্থায়ী শান্তি বা সমঝোতা চুক্তি সম্পন্ন হয়নি।

প্রথম দফার সেই সংলাপ সফল না হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনার জল্পনা চললেও ইরান এবার সরাসরি সংলাপের সম্ভাবনা নাকচ করে দিল।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language