উগ্রবাদী হামলার আশঙ্কায় সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকা, ২৫ এপ্রিল – নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষ চিঠি পাঠানো হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে যে গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারও তাদের লক্ষ্যবস্তু হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









