ইরাকি সশস্ত্র গোষ্ঠী নেতার তথ্যে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২৪ এপ্রিল – ইরাকে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) শীর্ষ নেতা হাশিম ফিনইয়ান রহিম আল-সারাজির সন্ধান চেয়ে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে এই নেতার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হবে। আবু আলা আল-ওয়ালাই নামে পরিচিত এই নেতার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিতে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র কেএসএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আগেই তালিকাভুক্ত করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে আল-সারাজির নেতৃত্বাধীন গোষ্ঠীটি ইরাকে বেসামরিক নাগরিকদের হত্যা এবং কূটনৈতিক স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। ওয়াশিংটন আরও জানিয়েছে যে তথ্যদাতাকে পুরস্কারের পাশাপাশি নিরাপদ স্থানে স্থানান্তরের সুযোগও প্রদান করা হতে পারে। উল্লেখ্য যে আল-সারাজি ইরাকের বর্তমান ক্ষমতাসীন শিয়া জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের একজন সদস্য।
এই রাজনৈতিক জোটটি বর্তমানে দেশটির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করছে। ফলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এর আগে চলতি মাসেই কাতায়েব হিজবুল্লাহ গোষ্ঠীর নেতার তথ্যের জন্যও অনুরূপ পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। তেহরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাক সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী এই চাপের অংশ হিসেবে ইরাকে নগদ ডলার পাঠানো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা সহায়তা কর্মসূচির অর্থায়ন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









