হরমুজ প্রণালিতে উত্তেজনা: আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

তেহরান, ২৪ এপ্রিল – হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক জলপথে দেশ দুটির পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৬ দশমিক ৮০ ডলারে গিয়ে ঠেকেছে। গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবার ১০০ ডলারের সীমা অতিক্রম করে দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উভয় দেশ একে অপরের বাণিজ্যিক জাহাজ আটক করার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে ইরান দাবি করছে যে এই প্রণালি দিয়ে কোন জাহাজ চলাচল করতে পারবে তা নির্ধারণের অধিকার কেবল তাদেরই রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে এখন থেকে হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা বহির্গমনের ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর অনুমতি প্রয়োজন হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে ইরানি নৌযানগুলো যদি সমুদ্রে মাইন স্থাপন করে তবে সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দুটি বিদেশি পণ্যবাহী জাহাজ জব্দের কথা জানায়। যদিও গ্রিস সরকার তাদের একটি জাহাজ জব্দের খবর অস্বীকার করেছে। পরিসংখ্যান অনুযায়ী যেখানে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই প্রণালি অতিক্রম করত সেখানে এখন জাহাজ চলাচলের সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও তীব্র হতে পারে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









