জাতীয়
তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

রংপুর, ২৪ এপ্রিল – দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকেই এসব অঞ্চলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









