সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরুর প্রস্তাব বিরোধীদলীয় নেতার

ঢাকা, ২৩ এপ্রিল – দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের ঘোষিত লোড ম্যানেজমেন্ট কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সাধারণ মানুষের দুর্ভোগের সাথে একাত্মতা প্রকাশ করতে তিনি এই দাবি উত্থাপন করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রস্তাব দেন।
ডা. শফিকুর রহমান বলেন যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ঢাকায় লোড ম্যানেজমেন্টের যে পরিকল্পনা করেছেন তা সংসদ ভবন থেকেই কার্যকর করা উচিত। তিনি আরও বলেন যে ঢাকার অন্যান্য এলাকায় যদি এক ঘণ্টা করে বিদ্যুৎ না থাকে তবে সংসদ ভবনেও যেন একই সময় লোডশেডিং করা হয়। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে দেশ একটি সমমর্যাদার কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে।
বিরোধীদলীয় নেতার এই প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন চলাকালীন সংসদ সচল রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। জবাবে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে তিনি অধিবেশন চলাকালীন সময়ের কথা বলেননি বরং অধিবেশনের বাইরে সংসদ ভবনের অন্যান্য সময়ের কার্যক্রমের কথা বুঝিয়েছেন।
অধিবেশনে বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন শফিকুর রহমান। প্রস্তাবিত সদস্যরা হলেন সাইফুল আলম খান, নুরুল ইসলাম, আব্দুল বাতেন, মোহাম্মদ আবুল হাসনাত এবং মুফতি মাওলানা আবুল হাসান।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬









