গাইবান্ধায় তেলের ড্রামে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধা, ২২ এপ্রিল – গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আরাফাত হোসেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সদস্য একরামুল মিয়া জানান, মঙ্গলবার বিকেলে শিশু আরাফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে সে বারান্দায় রাখা ডিজেলভর্তি একটি কাটা ড্রামের ভেতরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ রাতে তার মৃত্যু হয়। গ্রামবাসীরা জানান, শিশুটির বাবা বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে।
সম্প্রতি ট্রাকটির জ্বালানি তেলের ট্যাংকি ফেটে যাওয়ায় মেরামতের জন্য সব তেল বের করে একটি প্লাস্টিকের ড্রামে রাখা হয়েছিল। ড্রামটি পলিথিন দিয়ে ঢাকা থাকলেও খেলা করার একপর্যায়ে শিশুটি তার ভেতরে পড়ে যায়। এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার রায় জানান, শিশুটির ড্রামের ভেতরে পড়ে যাওয়ার খবরটি তিনি শুনেছেন।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









