মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার স্বাভাবিক ফ্লাইট শুরু

ঢাকা, ২২ এপ্রিল – প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন বিমানসেবা নিশ্চিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের সব রুটে পুনরায় স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই অঞ্চলে উদ্ভূত বিশেষ পরিস্থিতি ও বিভিন্ন বিধি-নিষেধের কারণে সাময়িকভাবে ফ্লাইট সূচিতে ব্যাঘাত ঘটলেও বর্তমানে পরিস্থিতির উন্নয়ন ঘটায় নিয়মিত সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এই এয়ারলাইন্সটি।
সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে বিমান ছেড়ে যাবে এবং ফিরতি ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বর্তমানে ঢাকা থেকে মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট গেলেও মাস্কাট থেকে ফেরার সময় সেটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে।
এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। আবুধাবি রুটে সপ্তাহে ছয় দিন এবং শারজাহ রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা রুটে যথাক্রমে সপ্তাহে পাঁচ দিন ও তিন দিন যাতায়াত করছে ইউএস-বাংলার বিমান। বর্তমানে এই এয়ারলাইন্সের বহরে ৩টি এয়ারবাস এবং ৯টি বোয়িং বিমানসহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। নিকট ভবিষ্যতে মদিনা ও দাম্মাম রুটেও ডানা মেলার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









