জাতীয়

সৌদি আরবে পৌঁছালেন সাড়ে ২০ হাজার হজযাত্রী, একজনের মৃত্যু

ঢাকা, ২২ এপ্রিল – পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

এদিকে হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল নামের ৭৫ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্যমতে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন সেখানে গেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

আগামী ২১ মে হজ ফ্লাইট পরিচালনা শেষ হবে। এরপর ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ৩০ জুন পর্যন্ত চলবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ করতে যাবেন।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language