ফুটবল

আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন কলম্বিয়া

আসুনসিওন, ২০ এপ্রিল – দীর্ঘ ৩৩ বছরের খরা কাটিয়ে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কলম্বিয়া। রবিবার প্যারাগুয়ের লুক শহরের কনমেবল মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে তারা। দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পথে কলম্বিয়ার কিশোররা মাঠজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে। ম্যাচের প্রথমার্ধে বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।

তবে বিরতির ঠিক আগে মিগুয়েল আগামেজের দারুণ এক গোলে লিড নেয় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরে তারা। একে একে গোল করে ব্যবধান বাড়ান মাতিয়াস কাইসেদো এবং জোসে এস্কোরসিয়া। কলম্বিয়ার হয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান ৪-০ তে নিয়ে যান আগামেজ। অন্যদিকে ম্যাচে চরম হতাশা প্রকাশ পেয়েছে আর্জেন্টিনার পারফরম্যান্সে।

দলের তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ দিকে তারা কার্যত দিশেহারা হয়ে পড়ে। রাফ ট্যাকলের দায়ে প্রথমে মাতেও মেন্দিসাবাল মাঠ ছাড়েন। এরপর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষের সঙ্গে তর্কে ও সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড পান সিমন এস্কোবার এবং আলান আলকারাজ। সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আসা কলম্বিয়া এই জয়ের মাধ্যমে লাতিন ফুটবলে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language