জাতীয়

স্বাস্থ্য ব্যবস্থা এখন মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

ঢাকা, ১৯ এপ্রিল – বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে মেরামতের অযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা কোনো সাধারণ পদক্ষেপ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।

রোববার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত একটি জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারের বিষয় ছিল সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হতো না।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এখন কার্যত মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে কিছু অবশিষ্ট নেই। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়া প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যর্থতার ফল।

প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় হাসপাতালগুলোর সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে সরকার কাজ করছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো গেলে অসংক্রামক রোগের প্রকোপ অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিগত সরকারের সমালোচনা করে ড. মুহিত আরও বলেন, অতীতে দায়িত্ব নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনার মাধ্যমে পরিকল্পনা করার নজির ছিল না। তবে বর্তমান সরকার সেই প্রস্তুতি নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে যাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. জিয়া হায়দার, কাজী সাইফুদ্দিন বেন নূর, ড. নাজমুল হাসান এবং ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞবৃন্দ।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language