আইন-আদালত

জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজের সিদ্ধান্ত

ঢাকা, ১৯ এপ্রিল – বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন বেঞ্চ অফিসারকে তাদের ইমেইল আইডি ও পাসওয়ার্ডসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে সোমবারের মধ্যে আইটি শাখা থেকে জুম আইডি সংগ্রহ করতে হবে।

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকেই সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ইতিমধ্যে হাইকোর্টের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language