জাতীয়

আমদানি ব্যয় বাড়ায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: বিদ্যুৎ মন্ত্রী

ঢাকা, ১৯ এপ্রিল – আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সারাবিশ্বেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে এবং এমনকি আমেরিকার মতো দেশেও তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজার বর্তমানে অস্থিতিশীল।

বাংলাদেশ যুদ্ধের পর থেকে যে দরে তেল আমদানি করে মজুত গড়ে তুলেছে, বর্তমান সমন্বয়কৃত মূল্য তার থেকেও নিচে রাখা হয়েছে। মন্ত্রী আরও জানান যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এবং পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেলের দাম বাড়ানোর পরও সরকার এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর নিখুঁত হিসাব মন্ত্রণালয় থেকে সংগ্রহ করা সম্ভব।

গত শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে লিটার প্রতি ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language