চীনে বিএনপির প্রতিনিধিদলের সফর: হেফেইর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন

ঢাকা, ১৮ এপ্রিল – কমিউনিস্ট পার্টি অব চায়নার আমন্ত্রণে দশ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরের অংশ হিসেবে শুক্রবার তারা চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি) পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং আধুনিক শিক্ষা অবকাঠামো ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিনিধিদলটি অংশ নেয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক দপ্তরের প্রতিনিধি এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডা. আসাদুজ্জামান রিপন এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জানান যে, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। মো. ইসমাইল জবিউল্লাহ তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
সংসদ সদস্য সাঈদ আল নোমান চীনকে উদ্ভাবনের কেন্দ্র হিসেবে অভিহিত করে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন। বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিকভাবে সুপরিচিত এই বিশ্ববিদ্যালয়টি নেচার ইনডেক্স অনুযায়ী গবেষণায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সফরের শেষ পর্যায়ে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই সফর আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









