মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আলোচনার চেয়ে যুদ্ধের শঙ্কা বেশি দেখছেন বিশ্লেষকরা

তেহরান, ১৮ এপ্রিল – হরমুজ প্রণালিতে ইরানের পুনরায় বিধি-নিষেধ আরোপকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রত্যক্ষ ফল হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, প্রণালিটি উন্মুক্ত করে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ জারি রাখা দ্বিপাক্ষিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

তেহরান থেকে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম জানান, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই জলপথ উন্মুক্ত রাখার কথা থাকলেও আমেরিকার অব্যাহত অবরোধ সেই শর্ত ভঙ্গ করেছে। এছাড়া ওই অঞ্চলে মার্কিন সৈন্য ও সামরিক সরঞ্জাম বৃদ্ধিকেও চুক্তির পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন তিনি।

শুক্রবার রাতে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার সীমিত প্রচেষ্টার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত ও বিভ্রান্তিকর বিবৃতি তেহরানকে পুনরায় প্রণালিটি বন্ধের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে বলে জানান এই বিশ্লেষক।

বর্তমান সংকটের কূটনৈতিক সমাধানের পথ এখন আগের চেয়ে অনেক বেশি সংকীর্ণ ও কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের ঘনঘন অবস্থান পরিবর্তন এবং প্যারিস জলবায়ু চুক্তি বা ন্যাটোর মতো আন্তর্জাতিক প্রতিশ্রুতি থেকে সরে আসার উদাহরণ টেনে খোশচেশম বলেন, ট্রাম্প এমন এক ব্যক্তিত্ব যার ওপর আলোচনা বা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে আস্থা রাখা যায় না। এ পরিস্থিতিতে তিনি যেকোনো আলোচনার চেয়ে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন।

এদিকে ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার বিষয়ে এখনো সম্মতি দেয়নি তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ভিত্তিক এক মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে ইরান।

তেহরানের দাবি, মার্কিন পক্ষ আলোচনার টেবিলে অতিরিক্ত ও অযৌক্তিক শর্ত আরোপ করছে যা পরিহার করা জরুরি।

এ প্রসঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ স্পষ্ট করেছেন যে, আলোচনার জন্য আগে একটি নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইরানের অধিকার সংরক্ষিত না হওয়া পর্যন্ত কোনো প্রকার দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language