চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক, ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

চাঁদপুর, ১৭ এপ্রিল – চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ২২ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজন অসুস্থ থাকায় তাকে জরিমানা করা হয় এবং বাকি ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান অভিযানের এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জাটকা ধরার সময় জেলেদের হাতেনাতে আটক করার পাশাপাশি ৫টি মশারী জাল এবং ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
আদালতের রায় অনুযায়ী আটক জেলেদের মধ্যে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। ক্যান্সার আক্রান্ত এক জেলেকে মানবিক কারণে কেবল ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি চাঁদপুরের পুরান বাজার, দোকানঘর, বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। জাটকা নিধন রোধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









