উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে জন্ম পর্যটন ঠেকাতে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ

ওয়াশিংটন, ১৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত সুযোগ সীমিত করতে নতুন করে তৎপর হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বার্থ ট্যুরিজম বা জন্ম পর্যটন ঠেকাতে ইতোমধ্যে কঠোর নজরদারি ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সহায়তা করে এমন চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো বিদেশি নারীদের যুক্তরাষ্ট্রে এনে সন্তান জন্মদানের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করার অপচেষ্টা রোধ করা।

ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করতে এই বার্থ ট্যুরিজমকে বড় যুক্তি হিসেবে সামনে আনা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, এই ধরনের কার্যক্রম করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং একইসাথে তা জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে। যদিও যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া সরাসরি কোনো বেআইনি কাজ নয়, তবে ভিসা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে এই সুবিধা গ্রহণ করা স্পষ্টত আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এ ধরনের চক্র শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন একটি নীতিমালা চালু করেছিল।

ওই নীতিমালায় বলা হয়েছিল যে শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পর্যটক ভিসা ব্যবহার করা যাবে না। তবে জন্ম পর্যটনের সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান এখনো নেই। একটি গবেষণা অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৭ সালে প্রায় ২০ থেকে ২৫ হাজার বিদেশি নারী এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ৩৬ লাখ শিশু জন্ম নিয়েছে, যার তুলনায় এই জন্ম পর্যটনের সংখ্যা খুবই নগণ্য। তা সত্ত্বেও রিপাবলিকানদের একটি বড় অংশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছে।

ক্ষমতায় এসে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয় বাবা বা মায়ের কেউ মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হলে সন্তানকে নাগরিকত্ব দেওয়া হবে না। তবে এই আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আইসিইর এই নতুন উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। সংস্থাটি জানিয়েছে তারা জালিয়াতি, আর্থিক অপরাধ এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহারকারী সংগঠিত চক্রগুলোকে চিহ্নিত করে নির্মূল করবে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জন্ম পর্যটন সংশ্লিষ্ট একটি চক্রের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় একাধিক ব্যক্তি দোষ স্বীকার করায় তাদের কারাদণ্ডও দেওয়া হয়।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language