এপ্রিলের প্রথম ১১ দিনেই ১২১ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে

ঢাকা, ১২ এপ্রিল – চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে দেশে মোট ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গত বছরের এপ্রিলের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০২ কোটি ৯০ লাখ ডলার। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত বছরের একই সময়ের তুলনায় এই হার ২০ দশমিক ২০ শতাংশ বেশি। এর আগে গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। অন্যদিকে গত ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে দেশে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









