আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ঢাকা, ১২ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত এই দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন।
রোববার দুপুরে বারোটায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর তিন আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া ছয় আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফল প্রকাশ করা হয়। শনিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
গেজেটে বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৯ এর দফা ৪ অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম এবং ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো।
স্পিকারের কাছে আজ যে দুইজন সংসদ সদস্য শপথ নেবেন তারা হলেন শেরপুর তিন আসনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া ছয় আসনের উপনির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসনে জয়ী হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে শেরপুর তিন আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সে সময় ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬









