পাহাড়ি নৃগোষ্ঠীর উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

ঢাকা, ১২ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক বিশেষ বাণীতে তিনি পাহাড়ি সম্প্রদায়ের পাশাপাশি দেশবাসীকে বাংলা নববর্ষ এবং চৈত্র সংক্রান্তির শুভেচ্ছাও জানান।
প্রধানমন্ত্রী বলেন, পাহাড় কিংবা সমতলে বসবাসকারী সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব মূলত বাংলাদেশের জাতীয় উৎসবেরই অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব জাতীয় জীবনে শান্তি এবং আনন্দ বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন, পাহাড়ি নৃগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাসকে আরও গৌরবময় ও সৌন্দর্যমণ্ডিত করেছে। মানুষে মানুষে সম্প্রীতি এবং মিলনের অমিয় বাণী আমাদের লোকজ ঐতিহ্যের সাথে গভীরভাবে মিশে আছে।
বাংলাদেশের অটুট সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বদরবারে দেশের মর্যাদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে তিনি মনে করেন। দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ প্রত্যেক নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা এবং সাংবিধানিক মৌলিক অধিকার সুরক্ষায় সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, একজন বাংলাদেশি হিসেবে পাহাড় বা সমতলে বসবাসকারী সকলের অধিকার সমান।
পরিশেষে তিনি প্রত্যাশা করেন, বিভিন্ন নৃগোষ্ঠীর এই বর্ণিল সামাজিক উৎসব এবং বাংলা নববর্ষ দেশের সকল মানুষের জীবনে অনাবিল সুখ ও শান্তি নিশ্চিত করবে।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬









