বিসিবি সভাপতির সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবের আলোচনা, নতুন টুর্নামেন্টের সিদ্ধান্ত

ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনায় বসছেন।
গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসার পর আজ সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় বিভাগে নতুন করে আর কোনো খেলা অনুষ্ঠিত হবে না। তবে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ না করা ১২টি ক্লাবের খেলোয়াড়দের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। খুব শিগগিরই এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ৪৬টি ক্লাব প্রতিবাদ জানিয়েছিল। এর অংশ হিসেবে তারা বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগে অংশ নেয়নি। সেই সময় ঢাকার ৪০টি ক্লাবের অনুপস্থিতিতে দায়সারাভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি।
নির্বাচনে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর দায়িত্ব গ্রহণ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।
দায়িত্ব নেওয়ার পরের দিন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চলতি মাসেই খেলোয়াড় দলবদল এবং আগামী মাসের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









