কক্সবাজার

কক্সবাজারে বিজিবির সর্ববৃহৎ অভিযান, একদিনে সাড়ে ১০ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার, ১১ এপ্রিল – কক্সবাজার সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে একদিনে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এটি বাহিনীটির ইতিহাসে একদিনে সবচেয়ে বড় ইয়াবার চালান উদ্ধারের ঘটনা। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় উখিয়া ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল।

রাত আনুমানিক ৩টার দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, একদল চোরাকারবারি নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ সময় বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাকেট থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

একই দিন দুপুরে রামু ব্যাটালিয়ন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায়। সেখান থেকে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই চালানের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা মেনে সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য পণ্য পাচার রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language