জাতীয়

নারী হেনস্তায় জড়িত ঢাবি শিক্ষার্থীর হল সিট বাতিল

ঢাকা, ১০ এপ্রিল – ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী হেনস্তার ঘটনায় জড়িত থাকার অপরাধে এক শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিল করেছে প্রশাসন। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র শাহরিয়ার ইসলাম তুষারের সিট বাতিল করা হয়। বৃহস্পতিবার হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় টিএসসি মোড়ে রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনায় শাহরিয়ার ইসলাম তুষারকে এর আগে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশের ভিত্তিতেই তার হলের সিট বাতিল করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী ৭ দিনের মধ্যে হলের পরিচয়পত্র, কক্ষের চাবি এবং অন্যান্য সরঞ্জামাদি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়ে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাতে সেহরি খাওয়ার পর টিএসসি এলাকায় ঘুরতে আসা দুই নারীকে হেনস্তা এবং মারধরের অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। পরবর্তীতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার ইসলাম তুষার, রাকিব আহমেদ এবং শাহরিয়ার তানজিল।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language