জেনেভা ক্যাম্পে র্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকা, ১০ এপ্রিল – রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। এই ঘটনায় মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে জেনেভা ক্যাম্প এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শুরুর আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় শীর্ষ মাদক কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
কীভাবে অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ল তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। র্যাব ২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র সামুরাই উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। ক্যাম্পের বাসিন্দাদের উদ্দেশে তিনি শিশুদের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজেদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









