আবু সাঈদ হত্যার রায়ে পরিবারের অসন্তোষ, নির্দেশদাতাদের শাস্তির দাবি

রংপুর, ৯ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে রায় প্রকাশের পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং মা মনোয়ারা বেগমসহ অন্য সহযোদ্ধারা এই প্রতিক্রিয়া জানান। তারা রায় পুনর্বিবেচনার পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা দ্রুত কার্যকরের দাবি করেছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে নিজ বাড়িতে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, এই রায়ে তিনি সন্তুষ্ট নন। আদালত কেবল কনস্টেবলের মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু যারা গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়াতে হবে। ছেলেদের সাথে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। আবু সাঈদের মা মনোয়ারা বেগম আক্ষেপ করে বলেন, তার ছেলের হত্যার সঠিক বিচার হয়নি এবং এতে তার মন শান্ত হয়নি।
মামলার সাক্ষী আরমান হোসেন বলেন, জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারী আসামিদের অনেককে কম সাজা দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আবু সাঈদের সহযোদ্ধা শামসুর রহমান সুমন অভিযোগ করেন, গুরুতর অপরাধীদের লঘু শাস্তি দেওয়া হয়েছে।
বিশেষ করে শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার শাস্তি কম হয়েছে বলে তিনি মন্তব্য করেন। আরেক সহযোদ্ধা আশিকুর রহমান আশিক বলেন, এটি একটি সুনির্দিষ্ট পুলিশি হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, নির্দেশদাতা পুলিশ কর্মকর্তা এসি ইমরান মামলা থেকে বাদ পড়েছেন, যা আদালতের বিবেচনায় আনা উচিত।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬









