জাতীয়

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকার

ঢাকা, ৯ এপ্রিল – দেশের জ্বালানি তেলের মজুত বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বা ব্রাভো পয়েন্টে নোঙর করে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই জাহাজটি বন্দরের পতেঙ্গা ডলফিন জেটিতে বার্থিং বা ভেড়ানোর কথা রয়েছে। বার্থিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অকটেন খালাস কার্যক্রম শুরু হবে। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে বহির্নোঙরে পৌঁছেছে।

আনুষঙ্গিক সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৭ হাজার টন অকটেন সফলভাবে খালাস করা সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সামগ্রিক সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন ও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language