জাতীয়

সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ আরও ৮টি বিল পাস

ঢাকা, ৭ এপ্রিল – অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আরও আটটি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলগুলোতে কোনো দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এগুলোর ওপর সংসদে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা সরাসরি কণ্ঠভোটে পাস হয়। মঙ্গলবার সকালে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী নয়টি বিল হুবহু পাসের প্রস্তাব করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটি পাসের সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, এই বিলে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গুমের বিচারে কতটা বদ্ধপরিকর, তার বহিঃপ্রকাশ এই আইন। বিলটি পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, বিল পাসের প্রস্তাবে এমন মন্তব্য অনাহূত। জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে অনেকে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন বলেই তিনি বিষয়টি পরিষ্কার করেছেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদের আলোচনার মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখার নির্দেশ দেন। পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল সংসদে উত্থাপন করেন। এছাড়া আইনমন্ত্রী আসাদুজ্জামান কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন বিল, সিভিল কোর্টস সংশোধন বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন বিল ও রেজিস্ট্রেশন সংশোধন বিল পাসের প্রস্তাব করলে সেগুলোও কণ্ঠভোটে পাস হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত তিনটি বিল সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল। এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিলটি সংসদে উত্থাপিত হলেও তা আলোচনার জন্য রাখা হয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language