জাতীয়

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করল ডিবি

ঢাকা, ৭ এপ্রিল – জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু স্পষ্ট করা হয়নি।

জানা যায়, সম্প্রতি রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৭ আগস্ট দায়ের করা ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের সঙ্গে শিরীন শারমিন চৌধুরীকেও আসামি করা হয়েছে। ওই মামলায় টিপু মুনশি বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, রংপুরের একটি আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদসহ টানা চারবার তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন শিরীন শারমিন।

এনএন/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language