জাতীয়

দেশে হামে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬২

ঢাকা, ৬ এপ্রিল – সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৬২ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশু এবং যশোরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমের কাছে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জন শিশুর মৃত্যু হলো। এছাড়াও নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে আরও ২০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৪১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে যশোর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যশোর জেলায় এখন পর্যন্ত ২৭ জন হামের রোগী শনাক্ত হয়েছেন।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language