লক্ষ্মীপুরে খাল থেকে আট ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল জব্দ

লক্ষ্মীপুর, ২ এপ্রিল – লক্ষ্মীপুরের রামগতিতে একটি খাল থেকে আটটি ড্রামভর্তি মোট ১৩৬০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে রামগতি পৌরসভার আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র এলাকার দক্ষিণ পাশের খাল থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী তেল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খালের পানিতে লুকানো অবস্থায় পুরোনো আটটি প্লাস্টিকের ড্রাম পাওয়া যায়। প্রতিটি ড্রামে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল ছিল, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৩৬ হাজার টাকা। তবে ঘটনাস্থলে এসব তেলের কোনো মালিককে পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, কোনো অসাধু চক্র ভোলা জেলা থেকে অবৈধভাবে এই ডিজেল এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে খালের ভেতরে লুকিয়ে রেখেছিল। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে এই জ্বালানি তেল সেখানে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত তেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এর প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬








