মধ্যপ্রাচ্য

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কামাল খারাজি গুরুতর আহত, নিহত স্ত্রী

তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। বুধবার তেহরানে তাদের নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যের ভিত্তিতে একটি ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে যে হামলার কিছু সময় পর তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কামাল খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে কামাল খারাজি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

কামাল খারাজি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্র উপদেষ্টা এবং ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেইন রিলেশন্স দপ্তরের প্রধান হিসেবে নিযুক্ত হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি। কামাল খারাজি বর্তমানে মোজতবা খামেনিরও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সাথে দেশটির উত্তেজনা বিরাজ করছে। এই দুটি বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টানা একুশ দিন ধরে সংলাপ চলে। কিন্তু কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ওয়াশিংটনের সাথে সমন্বয় করে ইসরায়েলও ইরানে অপারেশন রোয়ারিং লায়ন নামের অভিযান চালায়। যৌথ এই অভিযানের প্রথম দিনেই খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। অন্যদিকে ইরানও এই হামলার পাল্টা জবাব দিচ্ছে। সংঘাতের শুরু থেকেই ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে মোট এক হাজার তিনশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language