কাঁঠালিয়ার জেলেদের জালে ২৫ মণের বিশাল খটক মাছ, বিক্রি হলো আড়াই লাখে

ঝালকাঠি, ১ এপ্রিল – বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ মণ ওজনের একটি দানবাকৃতির খটক মাছ। স্থানীয়ভাবে এটি করাতি হাঙর নামেও পরিচিত। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠানো হয়। সেখানে আড়াই লাখ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান যে কাঁঠালিয়া উপজেলা বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার অনেক জেলেই নিয়মিতভাবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এমন একটি জেলে দল বঙ্গোপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে। নিলামে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন।
পরবর্তীতে অধিক মুনাফায় বিক্রির আশায় মাছটিকে ইঞ্জিন চালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন পর স্থানীয় জেলেদের জালে এত বড় একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে দারুণ আনন্দের সৃষ্টি হয়েছে। বিশাল আকৃতির এই মাছটি তীরে আনার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়।
এস এম/ ১ এপ্রিল ২০২৬








