জাতীয়

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা

ঢাকা, ৩১ মার্চ – পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকাগুলোতে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এই অবস্থায় দেশের সব বিভাগে আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আগের মতোই প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশালে যা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় যার পরিমাণ ছিল ৪৮ মিলিমিটার।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language