জাতীয়

স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

ঢাকা, ৩১ মার্চ – স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন। গণভোট এবং জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে ডা. শফিকুর রহমান নিজেকে একটি শহীদ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর পার হয়েছে।

এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক সরকার গঠিত হয়েছে এবং তাদের পরিবর্তনও হয়েছে। কিন্তু মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের বলতে হচ্ছে যে, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।

সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা আরও বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা এবং বীরবিক্রম খেতাবপ্রাপ্ত। আমি নিজেও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান।

মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, আমাদের পরিবারের কয়েকজন সদস্যের রক্ত দিয়ে তাদের সেই ত্যাগের সঙ্গে শরিক হওয়ার এক বিশেষ সৌভাগ্য আমাদের হয়েছে। দেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language