মধ্যপ্রাচ্য

দুবাই বন্দরে কুয়েতি তেলের ট্যাংকারে হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা

আবুধাবি, ৩১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করে রাখা কুয়েতি তেলের ট্যাংকার আল সালমি হামলার শিকার হয়েছে।

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন বা কেপিসি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে এই হামলার পেছনে ইরান জড়িত। ঘটনার সময় ট্যাংকারটি সম্পূর্ণ জ্বালানি তেলে বোঝাই ছিল।

হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এই ঘটনায় কোনো নাবিক হতাহত হননি এবং সবাই নিরাপদে রয়েছেন।

একই দিনে এটি দ্বিতীয় কোনো তেলবাহী জাহাজে হামলার ঘটনা। এর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের খবর পাওয়া যায়। ওই জাহাজের নাবিকরাও সম্পূর্ণ অক্ষত আছেন।

সার্বিকভাবে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোতে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সৌদি আরবের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তাদের ভূখণ্ডের দিকে দশটির বেশি ড্রোন এবং নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া হয় যেখানে সৌদি আরবের নব্বই শতাংশ জ্বালানি স্থাপনা অবস্থিত।

এছাড়া আল খারজ গভর্নরেট এবং রিয়াদ এলাকা লক্ষ্য করেও একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আল খারজে মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান অবস্থিত হওয়ায় এই বহুমুখী হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এনএন/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language