শিক্ষা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

ঢাকা, ২৬ মার্চ – গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটি জানিয়েছে শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে যেখানে ২৫ হাজারেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এক ঘণ্টার এই পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে। এছাড়া এবার দ্বিতীয়বার আবেদন করা শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সচিব অধ্যাপক ড. মনজুরুল হক জানান পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সময়ে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে টেকনিক্যাল কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তরপত্র মূল্যায়ন করে দ্রুত ফলাফল প্রস্তুত করবেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের বিশ্রামের জায়গা ও নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।

সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রক্টরিয়াল বডির সঙ্গে কাজ করবে বিএনসিসি রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে গত ৭ ডিসেম্বর গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ১০ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। তিনটি ইউনিটে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন এবং বি ইউনিটে ৯৩ হাজার ১০২ জন আবেদনকারী রয়েছেন।

গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। আগামী ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language