ট্রাম্পের আলোচনার দাবিকে ভুয়া খবর বলছে ইরান, সন্দেহে তেহরান

ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে জোরালো আলোচনার কথা জানালেও তেহরান এ বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন। তারা স্পষ্ট জানিয়েছেন যে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নতুন সমঝোতার প্রক্রিয়া শুরু হয়নি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নিবিড় আলোচনা চলছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে ঐক্যমত্য হয়েছে বলেও তিনি জানান। ট্রাম্পের মতে এই আলোচনা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
তিনি আরও দাবি করেন যে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জানান তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই আলোচনায় বিশেষ ভূমিকা পালন করছেন। তবে ইরানের ঠিক কোন নেতার সঙ্গে কথা হচ্ছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। শুধু উল্লেখ করেছেন যে ইরানের একজন উচ্চপর্যায়ের সম্মানিত নেতার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি ভুয়া খবর বলে মন্তব্য করেছেন।
তিনি মনে করেন জ্বালানি বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের মধ্যে হয়তো কোনো পরোক্ষ মধ্যস্থতা চলছে। তবে এটি এখনো আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছায়নি। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ নিয়ে ইরান বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। তবে ইসরায়েলের হারেৎজ পত্রিকার কলামিস্ট গিডিয়ন লেভি মনে করেন ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তার মতে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সংঘাত অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আন্তর্জাতিক পর্যায়ে তার যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এসব আলোচনায় তিনি নিশ্চিত করেছেন যে হরমুজ প্রণালী নিয়ে নতুন কোনো চুক্তি হয়নি এবং এই জলপথ সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬









