জাতীয়

২৫ মার্চ এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট, ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

ঢাকা, ২৩ মার্চ – একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর চালানো নির্মম গণহত্যার স্মরণে আগামী বুধবার সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালি, ছাত্র, শিক্ষক ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। দেশের ইতিহাসে এটি কালরাত হিসেবে পরিচিত।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ২০ মার্চ তৎকালীন মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করে এবং ওই বছরই প্রথম ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে দীর্ঘ দেড় যুগের বেশি সময় পর এ বছর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই আয়োজনে স্থল ও আকাশে নানা কৌশলগত প্রদর্শনীর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা হবে। এবারের প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এ এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language