প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রস্তাব

ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। দেশটির সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন এবং এর ঐতিহাসিক ফলাফল উল্লেখ করে এই প্রস্তাব আনেন।
সোমবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেও অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাব এনেছিলেন এই সংসদ সদস্য।
উত্থাপিত প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়।
প্রস্তাবে বলা হয় যে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটি প্রথম নির্বাচন ছিল। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহাসিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে অ্যাবিগেইল বয়েড জানান যে এবারের নির্বাচনে ৫৯ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল। তিনি নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহর বক্তব্যের সূত্র ধরে বলেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জাতি হিসেবে তারা বিজয়ী হয়েছে।
পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়। এতে বলা হয় যে ৬০ শতাংশ ভোটার সনদের পক্ষে রায় দিয়েছেন। এই সনদে শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে ৮০টির বেশি প্রস্তাবনা রয়েছে যা নতুন সরকার বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করা হয়।
সবশেষে বিএনপি ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণের সাহসী আন্দোলনের প্রশংসা করা হয়।
এনএন/ ২৩ মার্চ ২০২৬









