জাতীয়

ঈদ শেষে ফিরতি যাত্রায় লঞ্চভাড়া ১০ শতাংশ কম নেওয়ার আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর

পটুয়াখালী, ২৩ মার্চ – ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ভোগান্তি কমাতে লঞ্চভাড়া ১০ শতাংশ কম নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

সোমবার বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী এ সময় যাত্রীদের স্বস্তির জন্য ভাড়া নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, কোনো যাত্রীর কাছ থেকেই যেন ৪৫০ টাকার বেশি ভাড়া আদায় করা না হয় সে বিষয়ে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের ফিরতি যাত্রাতেও এই ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

লঞ্চঘাটে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও নৌ খাতের সঙ্গে জড়িতদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, নৌযাত্রায় শৃঙ্খলা ফেরাতে সবাইকে সঠিকভাবে নজরদারি করতে হবে। যাত্রীদের যেকোনো অভিযোগ পাওয়ামাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের প্রতিটি নৌঘাটে তিনি নিজে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নদীপথে নাব্যতা সংকট ও ড্রেজিং কার্যক্রম নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। ঢাকা থেকে পটুয়াখালী রুটে বেশ কয়েকটি চর জেগে ওঠায় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

সরকারের ড্রেজিং ব্যবস্থা থাকলেও নদীভাঙনের আশঙ্কায় স্থানীয় লোকজন তাতে বাধা দিচ্ছেন বলে জানান তিনি। এই সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত ড্রেজিং কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে পটুয়াখালী লঞ্চঘাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন নৌ প্রতিমন্ত্রী।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language