জাতীয়

মব কঠোর হস্তে দমন করা হবে, দুর্নীতি করলে ক্ষমা নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ২৩ মার্চ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। চলমান যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি ধৈর্য্যের সাথে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদীর পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তেলের সরবরাহ কম থাকার অজুহাতে পাম্প ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যেকোনো ধরনের মব বা উচ্ছৃঙ্খল জনতাকে কঠোর হস্তে দমন করা হবে। গায়ের জোরে বা আইনের বাইরে গিয়ে কাউকে কোনো কাজ করতে দেওয়া হবে না।

খাল বা নদী খনন কর্মসূচির বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকে ক্ষমা করা হবে না। তার বিরুদ্ধে দলীয় শাস্তির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য ও হাঁস পালনের সুযোগ সৃষ্টির জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়। দেশের অধিকাংশ মানুষ ধার্মিক, তবে তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বেহেশতে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

তিনি জোর দিয়ে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন, সৎ জীবনযাপন এবং হালাল রুজি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়। কৃষকদের সমস্যার কথা স্বীকার করে মির্জা ফখরুল বলেন, অতিবৃষ্টি ও ঝড়ে গম এবং আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের এই দুর্দশা লাঘবে বর্তমান সরকার কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, যার মাধ্যমে সারা দেশের কয়েক কোটি নারী সরাসরি সহায়তা পাবেন।

পর্যায়ক্রমে দেশের সব উন্নয়ন প্রকল্প সম্পন্ন করা হবে এবং সারা দেশে মোট বিশ হাজার খাল খনন করা হবে বলে তিনি জানান। নেহা নদীর পুনঃখনন কাজের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এছাড়া ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language