আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

জাপান, ২৩ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে আগামী ২৪ এবং ২৫ মার্চ টোকিওতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে তিনি এই সফর করছেন। এই সম্মেলনটি এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন।
তবে ওই সফরগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এর আগে গত বছরের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন এবং নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
এছাড়া চলতি বছরের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে তার যাত্রাটি অত্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং যথাযথ প্রটোকল অনুসরণ করা হয়েছে।
এ এম/ ২৩ মার্চ ২০২৬









