পর্যটন

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

সুন্দরবন, ২৩ মার্চ – ঈদের ছুটিতে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ সুন্দরবনে দর্শনার্থীদের ঢল নেমেছে। ছুটি উদযাপনের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী মানুষ ছুটে আসছেন এই ম্যানগ্রোভ বনে। দর্শনার্থীদের এই বিপুল সমাগম সামলাতে বনবিভাগকে বেশ হিমশিম খেতে হচ্ছে। বনবিভাগ জানিয়েছে, ঈদের ছুটিতে সুন্দরবনের করমজলসহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় ক্রমশ বাড়ছে। মোংলা বন্দর থেকে সবচেয়ে কাছের এবং আকর্ষণীয় স্থান হওয়ায় করমজলে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদসহ অন্যান্য সরকারি ছুটিতে এখানে দর্শনার্থীদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। করমজলে রয়েছে দেশের একমাত্র কুমির ও কচ্ছপ প্রজননকেন্দ্র।

এছাড়া লম্বা ফুট ট্রেইল, সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার এবং বানর ও হরিণের অবাধ বিচরণ পর্যটকদের মুগ্ধ করে। পাশাপাশি বনের হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী, আন্ধারমানিক ও দুবলার চরেও বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে। ফলে এই পর্যটনকেন্দ্রগুলো এখন উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে। বর্তমান পর্যটন মৌসুমের সাথে ঈদের ছুটি যুক্ত হওয়ায় বনবিভাগ কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে সাজিয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মাগুরা থেকে আসা দর্শনার্থী আসলাম শেখ জানান, তিনি বইয়ে সুন্দরবন সম্পর্কে অনেক পড়েছেন।

এবারই প্রথম সপরিবারে বিশ্ব ঐতিহ্যের এই স্থানটি দেখতে এসে তার খুব ভালো লেগেছে। রাজধানীর পুরান ঢাকা থেকে আসা মোহাম্মদ আলী জানান, আত্মীয়স্বজন নিয়ে সুন্দরবন ভ্রমণে এসে তারা প্রথমে সড়কপথ ও পরে নৌযানে করে বন ঘুরে দেখেছেন এবং সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছেন। করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, পবিত্র রমজান মাসে লোকজনের উপস্থিতি কম থাকলেও ঈদের পর দর্শনার্থীদের ভিড় ব্যাপকভাবে বেড়েছে। আগত সকল পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগের কর্মীরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language