ক্রিকেট

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

ঢাকা, ২২ মার্চ – চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি ক্রিকেট সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।

পূর্বনির্ধারিত এই সিরিজটি এর আগে স্থগিত করা হয়েছিল। তবে এবার সিরিজটি মাঠে গড়ানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবি চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বর উইন্ডোতে স্থগিত হওয়া ভারত সিরিজটি আয়োজন করতে আগ্রহী। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর।

এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই মূলত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাদের পূর্বনির্ধারিত সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান আয়ারল্যান্ডকে তারা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলেন।

কিন্তু আয়ারল্যান্ডের ব্যস্ত সূচির কারণে আপাতত তা সম্ভব হচ্ছে না। বিসিবি আশা প্রকাশ করেছে যে ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় বের করা সম্ভব হবে।

এ এম/ ২২ মার্চ ২০২৬

Back to top button
🌐 Read in Your Language