কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকার দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে হেলাল উদ্দিন ও মেহেদী হাসান নামের ওই দুই গেটম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুইয়া গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ দুজন নারী এবং তিনজন শিশু রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠিত কমিটিগুলোকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ২২ মার্চ ২০২৬









